Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চাঁদাবাজির ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ এএম

চাঁদাবাজির ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে চার লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ শক্ত অবস্থান নেওয়ার পর সেই টাকা ফেরত দিয়েছেন বাবুল হোসেন ও তার অনুসারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের পাগলা বাজারে এসে বাবুল হোসেন চাঁদার সব টাকা ফেরত দিয়ে যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।

আব্দুল কাদের বলেন, মঙ্গলবার জোনাইল পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী, রফিকুল ইসলামসহ অন্যদের উপস্থিতে বিষয়টি নিয়ে মীমাংসা হয়।

সেখানে তাকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা এ বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ায় আমি আমার টাকা ফেরত পেয়েছি। আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ও বড়াইগ্রাম থানার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন জানান, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তার অবসান হলো।

উল্লেখ্য, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সুতিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সূতিজাল উচ্ছেদ করে। একইসঙ্গে চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। প্রশাসন কর্তৃক সুতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করার ঘটনায় ছাত্রদল নেতা বাবুল হোসেন দায়ী করেন আব্দুল কাদেরকে। ছাত্রদল নেতার ধারণা আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন। এ অভিযোগ তুলে ছাত্রদল নেতা ও তার লোকজন আব্দুল কাদেরকে আটক করে ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত ৩ লাখ ৭৫ হাজার টাকা এনে দিতে বাধ্য করা হয়। এ সময় আরও এক লাখ ২৫ হাজার টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।

এ ঘটনার পর শুক্রবার রাতে আব্দুল কাদের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ১৭ জনের নামে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্য সচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি শান্তিপূর্ণ সমাধান হওয়ায় ভুক্তভোগী অভিযোগ তুলে নিতে রাজি হয়েছেন।

ভবিষ্যতে এরকম চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ কঠোর ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার