বিজ্ঞাপন
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ এএম
বিজ্ঞাপন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
এই নির্দেশনার ফলে গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে সেখানে থেকে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় এক হাজার জন দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিন্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর এক বিজ্ঞপ্তিতে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব রুটে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সেন্টমার্টিনের একাধিক রিসোর্ট ব্যবসায়ী জানিয়েছেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় এক হাজার জন এখনো সেখানে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।
দ্বীপের পশ্চিম পাড়ায় একটি রিসোর্টে অবস্থান করা পর্যটক মাহবুব আহমদ শাকিল বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার রুপ দেখে মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যাত্রা বিলম্ব হলেও এখানে অবস্থান করা ছাড়া তো আর উপায় নেই।
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত দিনে জাহাজ চলাচল না করায় তাদের ভ্রমণ বাতিল হবে, নাকি পরবর্তী সময়ে একই টিকিটে দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন—এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
তবে টিকিটের টাকা ফেরত অথবা পরবর্তী সময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, বৃহস্পতিবার যেসব পর্যটক সেন্টমার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন। আর কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে পর্যটকের সংখ্যা।
গত ১৩ নভেম্বর শুক্রবার চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত।
বুধবারও চারটি জাহাজে করে সেন্টমার্টিনে গেছেন ১ হাজার ২৪১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২ জন, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২ জন, এমভি টেকনাফে ১৪৫ জন এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রতিজন পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধও রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও বিধিনিষেধ রয়েছে।
আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতির ওপরই নির্ভর করছে সেন্টমার্টিনের সঙ্গে কক্সবাজারের নৌযোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি। ফলে দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং নতুন করে ভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকদের পরিকল্পনা—দুটিই এখন আবহাওয়ার অনুকূল পরিস্থিতির ওপর নির্ভর করছে।