Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কুবির বাস লক্ষ করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য শিক্ষার্থীদের রক্ষা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

কুবির বাস লক্ষ করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য শিক্ষার্থীদের রক্ষা

বিজ্ঞাপন

কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাস লক্ষ করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নগরীর বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বাসটিকে লক্ষ করে এ হামলা চালানো হয়েছে। এর পেছনে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা।

বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ‘কুমিল্লা-স-১১-০০২৫’ নম্বরের বাসটি শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বাসের দিকে নিক্ষেপ করা হয়। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

বাসে থাকা এক শিক্ষার্থী জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগমুহূর্তে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় আরও দুজন মোটরসাইকেল নিয়ে পাশে অবস্থান করছিলেন। টায়ারে আগুন দেওয়ার পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে বাসের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জ্বলন্ত টায়ার বাসের সামনে চলে আসায় চালক দ্রুত ব্রেক কষেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত না হলেও বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে।

আতঙ্কিত হয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আর একটু হলেই আমরা বড় দুর্ঘটনায় পড়তাম। আগুন লাগার পর পুরো বাস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা গিয়ে একটি টায়ারে আগুন জ্বলতে দেখেছি। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, দুই থেকে তিনজন কিশোর আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার