Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

বিজ্ঞাপন

জাতীয় সংসদে আজানকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার প্রস্তাব দিতে গিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করতে পারেননি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তার প্রশ্ন বুঝতে না পেরে স্পিকার ও সংশ্লিষ্ট মন্ত্রীও উত্তর দিতে পারেননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকের প্রশ্নটা নিয়ে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে।’

তিনি বলেন, ‘আমরা মুসলিম অধ্যুষিত একটি দেশ। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। আমাদের প্রত্যেকেরই বাসা কিংবা অফিসের পাশ থেকে মসজিদের আজানের শব্দ শুনতে পাই। আজানের অর্থটা কিন্তু অনেক সুন্দর, যেখানে বলা হয়- এসো কল্যাণের পথে, মুক্তির পথে।’

তিনি আরও বলেন, আজানের শব্দ শুনে মানুষের মধ্যে এমন অনুভূতি হওয়া উচিত, যেন তারা কাছ থেকে আজান শুনতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন। কিন্তু আজান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা চর্চা না থাকায় যে যার মতো করে আজান দিয়ে থাকেন। ফলে আজানের মতো সুন্দর একটি শিল্পের যথাযথ চর্চা ও প্রতিষ্ঠা হচ্ছে না।

এ সময় আজানকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার অনুরোধ জানান তিনি।

বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘আমার অনুরোধ কিংবা রিকোয়েস্ট রইল, আমরা যেন এ ধরনের পরিকল্পনা করি। আজান যারা দেন, মুয়াজ্জিন কিংবা খতিব যারাই হোন, তারা যেন এই শিল্পটাকে নতুন করে কিংবা অন্যান্য কোনো মাধ্যম থেকে প্রাতিষ্ঠানিক শিল্পের ওপর প্রতিষ্ঠিত করতে পারেন।’

তার বক্তব্য শেষ হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’

জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট বুঝতে পারেননি বলে জানান। তিনি বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছেও স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার