বিজ্ঞাপন
আওয়ামী লীগ কানেকশন: নজরদারিতে ২২ হাজার পুলিশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম
বিজ্ঞাপন
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার সন্দেহে কয়েক হাজার কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, প্রায় ২২ হাজার পুলিশ সদস্যের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই)। বাকিদের মধ্যে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হওয়া কর্মকর্তাও আছেন।
আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হওয়ার পর এই নজরদারি শুরু হলো। রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের একটি আদালত তাকে রিমান্ডে পাঠিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানানোর পর একের পর এক ঘটনার জেরে জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। এর আগে হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রকিবুল ইসলামকে প্রথমে প্রত্যাহার ও পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনিরা বলেন, ‘বাহিনীর ভেতরে কেউ নিষিদ্ধ কোনো সংগঠনের কারো সঙ্গে যোগাযোগ রাখছেন—এমন তথ্য বা অভিযোগ পেলে তা তদন্ত করা হয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়।’
সাম্প্রতিক এসব ঘটনার কারণে পুলিশ বাহিনীর ওপর নতুন করে নজরদারি বেড়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকারের নয় মাসে নানা উদ্যোগ নেওয়া হলেও বাহিনীটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া বা সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে কাজে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এতে বাহিনীর কাজের গতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অন্তর্বর্তী ও বর্তমান সরকার এখন পর্যন্ত ১৭৪ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, বিভিন্ন পদের অন্তত ১০০ কর্মকর্তাকে ওএসডি করেছে। তবুও পুলিশের কাজের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, পুলিশ কর্মকর্তারা কোনো দলের নয়, রাষ্ট্রের সেবা করতে বাধ্য। যারা এই নিয়ম ভাঙবেন, তাদের চাকরিতে থাকার অধিকার নেই।
আ.লীগ কানেকশন: রিমান্ডে এসপি জাহাঙ্গীর
তবে সাবেক আইজিপি বাহারুল আলম ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ আর রাষ্ট্রের জন্য ক্ষতিকর কাজের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেন, ‘যারা মনে মনে কোনো দলের প্রতি সহানুভূতি রাখেন, সেটি আলাদা বিষয়। কিন্তু তারা বর্তমান সরকার ফেলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারবেন—এমনটা ভাবার সুযোগ নেই।’
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ওমর ফারুক মনে করেন, অতীতের রাজনৈতিক প্রভাব শুধু পুলিশে নয়, প্রশাসনের অন্য স্তরেও ছড়িয়েছিল। তাই এমন ব্যক্তিদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে এবং তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশ ও প্রশাসন কোনো দলের নয়, রাষ্ট্রের প্রতিষ্ঠান—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সরকার বদলালেও রাষ্ট্রের প্রতি তাদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা ধরে রাখতে হবে।’
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদ থেকে বদলি হওয়ার কয়েক ঘণ্টা আগে কথা বলেন মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি জানান, তদন্তকারীরা জাহাঙ্গীরের ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছেন। এর একটিতে লেখা ছিল, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকার আবার ক্ষমতায় ফিরবে।’ অন্যটিতে লেখা ছিল, ডিসেম্বরে ‘সবাই জীবন বাজি রেখে রাজপথে নামবে’।
ডিআইজি জানান, আওয়ামী লীগের কয়েকজন সদস্যের সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগের প্রাথমিক তথ্য পেয়ে মঙ্গলবার তিনি তাকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিনই জাহাঙ্গীরের ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন দুটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শফিজুল ইসলামকে। ফরেনসিক পরীক্ষায় ফোন দুটিতে আপত্তিকর বার্তাগুলোর প্রমাণ পাওয়ার পর তদন্ত প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়। ফৌজদারি মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও চলতে থাকবে।
অর্ধেকের বেশি নিয়োগ হয়েছে আওয়ামী লীগ আমলে
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, বাহিনীতে বর্তমানে প্রায় ২ লাখ ১৩ হাজার সদস্য আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নিয়োগ পেয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য।
ওই সময়ে পুলিশের কাঠামো বড় করার পাশাপাশি ৮৩ হাজারের বেশি নতুন পদ তৈরি করা হয়। ২০০৯ সাল থেকে সরাসরি ও কোটার মাধ্যমে মোট ১ লাখ ৫ হাজার ৯২৫ জন কনস্টেবল এবং ১১ হাজার ৫১০ জন উপপরিদর্শক (এসআই) নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া ট্রাফিক ও মাঠপর্যায়ের কাজের জন্য ২ হাজার ৪৮৪ জন পুলিশ সার্জেন্ট নিয়োগ পান। আর ২৮তম থেকে ৪৩তম বিসিএসের বিভিন্ন ব্যাচের মাধ্যমে কয়েক হাজার কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন।