বিজ্ঞাপন
আ.লীগের টার্গেটে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক?
এ পর্যন্ত আগুন দেওয়া হয়েছে ১৮টি শাখায়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম
বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টার্গেটে পড়েছে অন্তর্বর্তীকালীন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গত কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের অন্তত ২০টি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।
এসব ঘটনায় ব্যাংকের বিভিন্ন কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একের পর এক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকটির নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
বিভিন্ন জেলা ও উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোথাও ভাঙচুর, কোথাও অগ্নিসংযোগ, আবার কোথাও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। সবশেষ রোববার (১৫ নভেম্বর) ভোরে সিলেটের উপশহরে গ্রামীণ ব্যাংকের এক এরিয়া অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসব হামলার কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেন। পরে ঘটনাস্থলে কেরোসিন বা পেট্রোল বহনের কাজে ব্যবহৃত হতে পারে এমন দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়।
গ্রামীণ ব্যাংককে ঘিরে সাম্প্রতিক এসব হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে আলোচনা। বিশ্লেষকদের মতে, ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আওয়ামী লীগের নজরে পড়ে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। অভিযোগ উঠেছে, এসব ঘটনার পর ড. ইউনূসের প্রতি ক্ষুব্ধ হয়ে এখন গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘কিছুদিন ধরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা দেখা যাচ্ছে। ব্যাংকটির ১৮টি শাখায় আগুন দেওয়া হয়েছে।’
একটি আর্থিক প্রতিষ্ঠানের শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা শুধু স্থাপনা বা নথিপত্রের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং গ্রাহকসেবার বিষয়টিও জড়িত। ফলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং ব্যাংকটির শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।