Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিয়ের দাওয়াত খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, নিহত ১

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ এএম

বিয়ের দাওয়াত খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, নিহত ১

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা ছিল। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ভাগলপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন এবং তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ঠিকমতো রান্না করা হয়নি। ওই খাবার খেয়ে তিনি ও তার পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতের দিকে একে একে তাদের হাসপাতালে নেয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে ভাগলপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ মানুষের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস বলেন, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে তারা জানতে পেরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। যাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার