বিজ্ঞাপন
দুই ব্যাংকে ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি, আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ এএম
বিজ্ঞাপন
আলোচিত চিত্রনায়ক এম এ জলিল অনন্তের (অনন্ত জলিল) নামে বেসরকারি খাতের দুই ব্যাংকে প্রায় ৪০৭ কোটি টাকা খেলাপির অভিযোগ উঠেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাওনা ২৬৭ কোটি টাকার মধ্যে ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় আইনি নোটিশ দিয়েছে ব্যাংকটি। সম্প্রতি অনন্ত জলিল এবং তার স্ত্রী খাদিজা পারভীনকে (বর্ষা) এ নোটিশ পাঠিয়েছে ব্যাংক। এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু এই নোটিশ পাঠান।
সম্প্রতি নোটিশের একটি কপি তার রাজধানীর মোহাম্মদপুরের বাসা এবং সাভারের কারখানার ঠিকানায় পাঠানো হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এছাড়া গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নোটিশটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন ফোনে এবং সরাসরি একাধিকবার বকেয়া টাকা দ্রুততম সময়ে পরিশোধের আশ্বাস দিয়েও তা ভঙ্গ করেছেন।
একপ্রশ্নের উত্তরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ঋণটি খেলাপি হয়ে যাওয়ায় তা আদায়ে এখন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনন্ত জলিল কারখানা বিক্রির করে তাদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে এরই মধ্যে কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছে বলে ব্যাংককে জানিয়েছে।
এমটিবির নোটিশ অনুযায়ী, কিস্তিতে পরিশোধের শর্তে ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২২ লাখ টাকার ঋণ পুনঃতপশিল করে এমটিবি। তবে পুনঃতপশিলের শর্ত ভেঙ্গে তারা কিস্তি দেয়নি।
ঋণের আংশিক টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন। গত ২ নভেম্বর ব্যাংকের বগুড়া শাখার মাধ্যমে চেকটি প্রতিষ্ঠানটির হিসাবে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়। চেকটি প্রত্যাখ্যাত হওয়ার কারণ উল্লেখ করে ওই দিন একটি চেক রিটার্ন মেমো ইস্যু করে ব্যাংক। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে আদালতে মামলাসহ অন্য পদক্ষেপ নেওয়া হবে। মামলার সব খরচ তাদের বহন করতে হবে। সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য সন্ধ্যা ৭টায় অনন্ত জলিলের মোবাইলে ফোন যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে মার্কেন্টাইল ব্যাংকের পাওনা প্রায় ১৪০ কোটি টাকা আদায়ে আইনি পদক্ষেপের কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে সাভারে অবস্থিত কারখানা বিক্রি করে অনন্ত জলিল ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানা গেছে।
ব্যাংকটির একজন কর্মকর্তা জানান, অনন্ত জলিলের কাছে সুদসহ তাদের পাওনা রয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। এই ঋণ আদায়ে তারা আইনি পদক্ষেপ নেবেন।