Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঢাকার ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণের কাজ পেল ভারতের টাটা প্রজেক্টস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ এএম

ঢাকার ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণের কাজ পেল ভারতের টাটা প্রজেক্টস

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে, জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কের একটি ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস।

সূত্রে জানা যায়, চুক্তির আওতায় নির্মাণ করা হবে সিপি-০৬ প্যাকেজের অধীনে ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ মূল লাইন। এ কাজের মধ্যে রয়েছে পূর্তকাজ, স্থাপত্যসংক্রান্ত ফিনিশিং এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং ব্যবস্থা স্থাপন।

এ ছাড়া প্রকল্পের অংশ হিসেবে খিলক্ষেত, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও বিমানবন্দর এলাকায় তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে এবং উত্তর প্রান্তে নির্মাণ করা হবে একটি শ্যাফট।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলেও সূত্রে জানা যায়।

এক বিবৃতিতে টাটা প্রজেক্টস জানায়, নিশিমাতসু-টিপিএল-তোদা যৌথ উদ্যোগের অংশ হিসেবে তারা ডিএমটিসিএলের কাছ থেকে পেয়েছে সিপি-০৬ প্যাকেজের কাজ।

কোম্পানিটির মতে, এ প্রকল্পের মাধ্যমে সমন্বিত প্রকৌশল ও নির্মাণকাজ বাস্তবায়নে তাদের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে জটিল মেট্রোরেল অবকাঠামো নির্মাণে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

ঢাকার নগর পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগের উন্নয়ন, যানজট হ্রাস এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে টাটা প্রজেক্টস।

নগরায়ণের কারণে মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান বাজারগুলোতে মেট্রোরেল ও রেল নেটওয়ার্কে ব্যাপক বিনিয়োগ হচ্ছে বলে জানান, প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং প্রধান প্রবৃদ্ধি ও কৌশলবিষয়ক কর্মকর্তা রাজীব মেনন। ঢাকার এ প্রকল্প সরকার, উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ইপিসি কোম্পানিগুলোর কাছে টাটা প্রজেক্টসকে আরও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেও তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, দক্ষ প্রকল্প বাস্তবায়ন, প্রকৌশলগত উৎকর্ষ এবং স্থানীয় পর্যায়ে কাজ সম্পন্ন করার সক্ষমতাসম্পন্ন অংশীদারের চাহিদা বাড়ছে। এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে টাটা প্রজেক্টসের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

জেনে রাখা ভালো, টাটা প্রজেক্টস একটি প্রযুক্তিনির্ভর প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) প্রতিষ্ঠান। তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কারখানা এবং বৃহৎ ও জটিল নগর ও শিল্প অবকাঠামো নির্মাণে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার