Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হয়েছে। এরপর প্রথম ২৪ ঘণ্টায়ই প্রায় ৪০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। একদিনেই প্রতিটি আসনের জন্য আবেদন করেছেন ৬ জনের বেশি শিক্ষার্থী।

অনলাইনের মাধ্যমে এ প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাঁচটি ইউনিটেরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৪০ হাজার ১২৫ জন আবেদন করেছেন। এবার মোট ৬ হাজার ১২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৬ দশমিক ৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এ পর্যন্ত আইবিএ ইউনিটের জন্য ২১৭১, বিজ্ঞান ইউনিটে ২১ হাজার ১৮৬, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১২ হাজার ৬৯৬, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩ হাজার ৪৬৩ এবং চারুকলা ইউনিটের জন্য ৬০৯ জন আবেদন করেছেন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পর্যন্ত আইবিএ ইউনিটে ১২০, বিজ্ঞান ইউনিটে ১৮৯১, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯৩৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০ এবং চারুকলা ইউনিটের ১৩০টি আসন রয়েছে।

এবার ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। 

আরও পড়ুন
গত সোমবার (৯ নভেম্বর) বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 

তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট, ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার