বিজ্ঞাপন
নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, শেখ হাসিনার সামনে যত বাধা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ এএম
বিজ্ঞাপন
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নানা মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর প্রকাশিত হলে এই ধরনের খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করে সরকার।
এদিকে শেখ হাসিনার দ্বিতীয়বার এনআইডি পাওয়ার সুযোগ নেই মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, আইনি ও কারিগরি- দুই কারণেই নতুন করে এনআইডি পাওয়ার সুযোগ নেই তার। কারণ, শেখ হাসিনার আগের এনআইডি ব্লক করা রয়েছে। এছাড়া আইন অনুযায়ী, একবার এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে ভোটার নিবন্ধনের সুযোগ নেই।
ইসি কর্মকর্তাদের ভাষ্য, জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, একজন নাগরিক একবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে এনআইডি পাওয়ার পর নতুন করে নিবন্ধনের সুযোগ নেই। দ্বিতীয়বার ভোটার নিবন্ধন করে এনআইডি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অতীতে অনেকে একাধিকবার ভোটার নিবন্ধন করে এনআইডি নিয়েছেন। বিষয়টি শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
আইনি বাধার পাশাপাশি কারিগরি প্রতিবন্ধকতাও রয়েছে জানিয়ে কর্মকর্তারা বলছেন, বর্তমানে নতুন করে ভোটার নিবন্ধনের আবেদন করা হলে আবেদনকারীর আঙুলের ছাপ সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। আগে নিবন্ধিত থাকলে আঙুলের ছাপের মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব। ফলে দ্বিতীয়বার নিবন্ধনের আবেদন আর প্রক্রিয়াকরণের সুযোগ থাকে না।
অতীতে কেউ কেউ হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুলের ছাপ ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধনের চেষ্টা করেছিলেন। তবে এ ধরনের জালিয়াতি ঠেকাতে এখন নিবন্ধন প্রক্রিয়ায় বিষয়টি বিশেষভাবে যাচাই করা হয়।
ইসি সূত্রে জানা যায়, গত বছরের মার্চে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করে দেয় এনআইডি অনুবিভাগ। শাখাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ-সংক্রান্ত নথিতে উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে তাদের পরিচয়পত্র লক করা হয়েছে।
এ তালিকায় রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বলছে, আবেদনটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত নন তারা। প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পেয়েছে হাইকমিশন। তবে আবেদনটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
কারণ, ই-মেইলের সঙ্গে তার অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র পাঠানো হয়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিটি দেখার সুযোগ পাওয়ার কথাও জানিয়েছে বার্তা সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
চিঠিতে আইনজীবীরা তাদের মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করে আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তারা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশিত হলো।