বিজ্ঞাপন
ফার্মগেটে বাসে আগুন, ঢাবি ও সিএমএম আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
বিজ্ঞাপন
রাজধানী ঢাকায় একের পর এক হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া সকালে বনশ্রী ও মহাখালীতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বাসটিতে যাত্রী থাকলেও আগুন নেভানোর সময় কেউ ছিলেন না। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাসে আগুন লাগার পর নিরাপত্তার কারণে ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনটি আবার চালু করে যাত্রীসেবা শুরু করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
একই দিন সন্ধ্যায় সিএমএম আদালতের ফটকের সামনেও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি একটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানান।
সোমবার সকালে রাজধানীর বনশ্রী জি-ব্লকেও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শ্রাবণ ও রবিন নামের দুজনকে আটক করা হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একটি হাতবোমা ছুড়ে মারেন। পরে সেটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান বনানী থানার ওসি মো. সালাউদ্দিন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ।
এর আগের দিন রোববার রাতেও রাজধানীর দুটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। রাত পৌনে ২টার দিকে রূপনগর থানার সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল নামের একজনকে আটক করে পুলিশ। একই দিন রাত ১১টার দিকে দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনায় সোমবার রাজু আহমেদ নামের আরেকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। এসব ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।