বিজ্ঞাপন
অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।
সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে ওটা আছে৷ অথচ বাস্তবতা ভিন্ন৷ তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।’
স্বাস্থ্যমন্ত্রীর কাছে এক গণমাধ্যমকর্মী জানতে চান, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’ হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক প্রচার করছে, হামের টিকা ভারত থেকে আনা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয়। মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
শিশুদের টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।’