Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চাকরি জাতীয়করণসহ ৪ দাবি সাত কলেজের কর্মচারীদের, ১০ দিনের আলটিমেটাম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

চাকরি জাতীয়করণসহ ৪ দাবি সাত কলেজের কর্মচারীদের, ১০ দিনের আলটিমেটাম

বিজ্ঞাপন

চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কর্মচারীরা চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এ সময় বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর।

২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় কর্মচারীদের অন্তর্ভুক্ত করা।

৩. রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান।

৪. সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে ছাঁটাই না করা।

কর্মসূচিতে বক্তব্য দেওয়া এক কর্মচারী বলেন, আগামী ১০ দিনের মধ্যে বেতন-ভাতা, চাকরি জাতীয়করণ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ঘোষণা বা ইতিবাচক বার্তা না এলে তারা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, আগামী ২০ তারিখের পর গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কোনো সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার