বিজ্ঞাপন
জাতীয় গ্রিডের পাইপ ফুটো করে ৪ হাজার লিটার কনডেনসেট তেল চুরি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ এএম
বিজ্ঞাপন
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। বিশেষ কৌশলে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট সরিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। চুরি করা তেল মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুত করা হতো।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির পাশে পাইপলাইন থেকে তেল চুরির বিষয়টি নজরে আসে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের। ওই সময় পাইপলাইনের কাছে পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা।
নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে অনুসন্ধান চালিয়ে পাইপলাইনে ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার প্রমাণ পাওয়া যায়।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া বলেন, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের সেখানে যেতে বাধা দেন।
তিনি আরও জানান, খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে তেল চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম।
দুলাল মিয়ার ভাষ্য, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন ট্যাংকের সন্ধান পাওয়া গেছে।
জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। চুরি হওয়া তেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।
প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে তেল বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।