Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার, সকালে ফের অবস্থানের কর্মসূচি ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ এএম

পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার, সকালে ফের অবস্থানের কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

পরীক্ষা চলাকালে শিথিল থাকবে কর্মসূচি, শেষ হলেই আবার অবস্থান। আন্দোলনকে ‘অরাজনৈতিক’ দাবি সাধারণ শিক্ষার্থীদের।

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অবরুদ্ধ অধ্যক্ষকে উদ্ধারকে কেন্দ্র করে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত ৪ দফা দাবির মধ্যে ৩ নম্বর দাবিতে সংশোধন আনা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন, আজ শুক্রবারে অনুষ্ঠিতব্য সরকারি পরীক্ষা চলাকালে আন্দোলন শিথিল থাকবে। তবে পরীক্ষা শেষ হওয়ার পরপরই তারা পুনরায় মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করবেন।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৮টা থেকেই কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেবেন আন্দোলনকারীরা। তবে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন এবং পরীক্ষা চলাকালীন যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হন , সে ব্যবস্থা রাখা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এবং পরবর্তী কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান কলেজের সাধারণ শিক্ষার্থী তামান্না ইসলাম।

তিনি জানান, পরীক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তামান্না বলেন, "যেহেতু চাকরিপ্রার্থীরা আমাদেরই ভাই-বোন, তাই তাদের পরীক্ষায় আমাদের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা আবার আমাদের অবস্থান কর্মসূচি শুরু করব। তবে পরীক্ষার অজুহাতে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা যাতে কোনোভাবেই কলেজে প্রবেশ করতে না পারেন, শিক্ষার্থীরা সেই বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখবে।"

তামান্না আরও বলেন, এটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। এর পেছনে কোনো রাজনৈতিক এজেন্ডা বা কোনো পক্ষের ইন্ধন নেই।

উল্লেখ্য, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। টানা ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এই উদ্ধার অভিযানকালে পুলিশ ছাত্রীদের ওপর লাঠিচার্জ, হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে রাত সাড়ে ১২ টায় এক জরুরি সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের পদত্যাগ, পুলিশি হামলার জবাবদিহিতা ও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধসহ ৪ দফা দাবি ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার