বিজ্ঞাপন
ঢাকা থেকে নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
বিজ্ঞাপন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া (বাছির) ও পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল রাজধানীর পল্টন এলাকা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসানকে গ্রেপ্তার করে। একই দিন কুমিল্লার নাঙ্গলকোটের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীরকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের আবদুল জলিল ভূঁইয়ার ছেলে নাজমুল হাসান ভূঁইয়া বাছির। তিনি পরিবার নিয়ে পল্টন এলাকায় সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভূঁইয়ার বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে পল্টন মডেল থানা-পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁর আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ জানান, সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই চলছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাঙ্গলকোট থানা-পুলিশ জানিয়েছে, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত সেলিম জাহাঙ্গীরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।