Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

বিজ্ঞাপন

রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাদের মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির প্রেক্ষিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আকতার হোসেন বলেন, বর্তমানে তাদের সঙ্গে ডিবি পুলিশ কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই জানিয়ে তিনি বলেন, পরবর্তী বিষয়গুলো পরে জানানো হবে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার