বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশের বাজারে স্বর্ণের দাম প্রায়ই পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে নিয়মিত দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সর্বশেষ গত সোমবার (২ নভেম্বর) স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে সংগঠনটি। এতে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারিত রয়েছে।
স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই।