বিজ্ঞাপন
যমুনার চরে অশ্লীল যাত্রা ও জুয়ার আসরের প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
বিজ্ঞাপন
জামালপুরের ইসলামপুরে যাত্রাপালার নামে জুয়ার আসর ও অশ্লীলতার অভিযোগে নির্মিত প্যান্ডেল ও মঞ্চ আগুনে পুড়িয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধায় সাড়ে ৬টা দিকে উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের সীমান্তবর্তী টগারচর টগারচর গ্রামে এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, উপজেলার নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের সীমান্তবর্তী টগারচর গ্রামে গত দুই দিন ধরে যাত্রাপালার নামে অশ্লীল নাচগান ও জুয়ার আসর পরিচালনা করে আসছিল একটি চক্র। স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে এসব আয়োজন পরিচালনার অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, প্রতিরাতে যাত্রাপালার নামে অশ্লীল নাচগান ও জুয়ার আসর বসানোয় এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি মাদক কারবার, চুরি ও ডাকাতির মতো অপরাধ বাড়ারও আশঙ্কা করেন তাঁরা। এ পরিস্থিতিতে এসব কার্যক্রম বন্ধে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
পরে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশে ইসলামপুর থানা পুলিশ অভিযান চালায়। উপপরিদর্শক দীপক, রহুন আমিন, খলিল ও অমৃতসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রা ও জুয়ার আসরের জন্য নির্মিত প্যান্ডেল ও মঞ্চ আগুনে পুড়িয়ে দেয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গম চরাঞ্চলে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রাপ্যান্ডেল ও মঞ্চ পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।