Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এই সপ্তাহে মিলবে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

এই সপ্তাহে মিলবে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা

বিজ্ঞাপন

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই ছুটির আওতায় থাকছেন না।

ছুটির সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রোববার) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।

২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল।

তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উদযাপিত হবে। এর সঙ্গে ৬ নভেম্বরের শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের অবকাশ পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হবে শ্যামাপূজা।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ফলে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও একই ছুটির আওতায় থাকবে।

স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে চিত্র ভিন্ন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকাতেও শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন না।

শ্যামাপূজা কী

শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে সাধারণত এ পূজা উদযাপন করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে শ্যামাপূজার প্রচলন রয়েছে। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ উৎসব ব্যাপকভাবে পালিত হয়।

শ্যামাপূজার দিন একই সঙ্গে দীপাবলি উৎসবও উদযাপিত হয়। দীপাবলি দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা ও যক্ষরাত্রি নামেও পরিচিত। সর্বভারতীয় পর্যায়ে এদিন লক্ষ্মীপূজা পালিত হলেও বাঙালি, অসমিয়া ও ওড়িয়া সম্প্রদায়ের মানুষ এ তিথিতে দেবী কালীর পূজা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার