বিজ্ঞাপন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ১৩ কারখানা বন্ধ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
বিজ্ঞাপন
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর ও বিক্ষোভের জেরে শিল্পাঞ্চলের অন্তত ১৩টি কারখানা বন্ধ হয়ে গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ কারখানা ছুটি ও উত্তেজনাকর পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শনিবার সকাল ৮টার পর থেকে আশুলিয়ার কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন এবং বিক্ষোভ শুরু করেন।
এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশ কিছু কারখানায় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাঙচুর চালান। বিশেষ করে এআর জিন্স ও কন্টিনেন্টাল কারখানার বিভিন্ন গ্লাস ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এআর জিন্সসহ সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
পরে দুপুর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়ক ও শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালান।
এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো ঘটনাস্থলে শ্রমিক ও পুলিশের মধ্যে থমথমে ও মুখোমুখি অবস্থান বিরাজ করছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের জেরে ওই এলাকার অন্তত ১৩টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে নিউ এইজ, নীট এশিয়া, স্টার্লিং ক্রিয়েশন, কন্টিনেন্টাল ও এআর জিন্স উল্লেখযোগ্য। তবে এসব বিষয়ে কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সার্বিক বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে তথ্য রয়েছে ৬টির মতো কারাখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে, তবে প্রাথমিকভাবে বিস্তারিত এখনই জানানো সম্ভব হচ্ছে না।