বিজ্ঞাপন
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
বিজ্ঞাপন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই অনলাইন ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় আড়াই মাসের প্রতীক্ষা শেষে প্রকাশিত হবে তাদের কাঙ্ক্ষিত ফলাফল।
গত ২ জুলাই শুরু হয়েছিল ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়।
অনলাইনে যেভাবে জানা যাবে ফলাফল
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিচের দুটি ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে—
https://eduboardresults.gov.bd https://educationboardresults.gov.bd
প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করতে হবে। পরে তা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা যাবে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং উল্লিখিত দুটি কেন্দ্রীয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এবার এইচএসসি পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা গেলেও এবার নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।
যেকোনো মোবাইল নম্বর থেকে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
এসএমএসের ফরম্যাট:
HSC DHA 123456 2026
এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না। ফলাফল জানতে নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।