বিজ্ঞাপন
তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য এখনো কাটেনি। ঘটনার রাতে তার সঙ্গে থাকা পরিচিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যে একাধিক অসংগতি পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কীভাবে তাহসিফ নিখোঁজ হলেন, তাকে খুঁজে না পেয়ে দীপ কেন একাই ফিরে এলেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে তার দেওয়া তথ্য যাচাই করছেন তদন্তকারীরা।
সর্বশেষ জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তারা টঙ্গীর মাজার বস্তি এলাকায় গেলে পুলিশের পোশাক পরা কয়েকজন তাদের ধাওয়া করেন। আতঙ্কে তাহসিফ দৌড়ে পালাতে গিয়ে নদীর পানিতে পড়ে যান বলে দাবি তার। তবে যারা তাদের ধাওয়া করেছিলেন, তারা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থা।
ধাওয়াকারীরা পুলিশের ছদ্মবেশে থাকা কেউ, মাদক কারবারি, নাকি অন্য কোনো দুর্বৃত্ত তা নিয়েও তদন্ত চলছে। ঘটনাস্থলটি মাদক কেনাবেচার পরিচিত এলাকা হওয়ায় ওই রাতে মাদকসংক্রান্ত কোনো ঘটনা ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানিয়েছেন, দীপের দেওয়া প্রতিটি তথ্য ও বক্তব্য যাচাই করা হচ্ছে।
তিনি জানান, ঘটনাস্থলের সঙ্গে মাদকসংক্রান্ত কোনো ঘটনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এর আগে বৃহস্পতিবার রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফের বাসার গ্যারেজের সিসিটিভি ফুটেজে দীপকে দেখা যায়। পরে তারা আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে বের হন। দীপের দাবি, মোটরসাইকেল মেরামতের পর তারা একসঙ্গে একটি রেস্তোরাঁয় খেয়েছিলেন। এরপর টঙ্গীর ওই এলাকায় যাওয়ার একপর্যায়ে তাহসিফের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পরে তাকে খুঁজে না পেয়ে একাই বাসায় ফিরে যান দীপ।
তবে তার এই বক্তব্যের সঙ্গে তদন্তে পাওয়া কিছু তথ্যের মিল খুঁজে পাচ্ছেন না কর্মকর্তারা। বিশেষ করে ওই রাতে তাদের চলাফেরা, ঘটনাস্থলে যাওয়ার কারণ এবং তাহসিফকে হারিয়ে ফেলার পর দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া মরদেহ উদ্ধারের স্থান থেকে মোটরসাইকেলটি পাওয়া গেছে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে। মোটরসাইকেলটির মালিকানা ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা নিশ্চিত করতেও যাচাই চলছে।