Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইনস্টাগ্রামের মতো রঙিন নয় প্রবাসী জীবন, বিদেশে স্থায়ী হওয়ার আগে বিশেষজ্ঞের ৭ পরামর্শ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ এএম

ইনস্টাগ্রামের মতো রঙিন নয় প্রবাসী জীবন, বিদেশে স্থায়ী হওয়ার আগে বিশেষজ্ঞের ৭ পরামর্শ

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অনেকেই নিজ দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার কথা ভাবেন। তবে নেটফ্লিক্সের জনপ্রিয় শো 'এমিলি ইন প্যারিস'-এর মতো প্রবাসী জীবন সবসময় এত রঙিন বা জাঁকজমকপূর্ণ হয় না।

ট্রাভেল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ওয়ার্ল্ড নোম্যাডস-এর কর্মকর্তা ক্রিস্টিনা টুনাহর মতে, ইনস্টাগ্রামে প্রবাসী জীবনকে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে তা সবসময় তেমনটা হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস ও কাজের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিস্টিনা নতুন দেশে জীবন, চাকরি, পরিবার ও আর্থিক বিষয়গুলো স্থানান্তরের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন।

বিদেশে পাকাপাকিভাবে যাওয়ার আগে একটি 'প্রিভিউ ট্রিপ' বা পরীক্ষামূলক সফরের ওপর জোর দিয়েছেন তিনি। এর মাধ্যমে সেখানকার যাতায়াত ব্যবস্থা, আবহাওয়া, বাজারঘাট এবং জীবনযাত্রার ব্যয় সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।

ক্রিস্টিনা জানান, হংকংয়ে কাজের সুযোগ পেলেও এমন একটি সফরের পর তিনি বুঝতে পেরেছিলেন জায়গাটি তার বসবাসের জন্য উপযুক্ত নয়। তাই কোথাও যাওয়ার আগে সেখানকার বাসাভাড়া, যাতায়াতের মাধ্যম এবং বাজেটের বিষয়ে একটি মানসিক হিসাব কষে নেওয়া জরুরি। পাশাপাশি, সেখানে গিয়ে শুধু প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে মিশবেন নাকি স্থানীয়দের সঙ্গেও সম্পর্ক গড়বেন, সেটিও আগে থেকে ভেবে রাখা উচিত।

প্রবাসী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো স্বাস্থ্যসেবা ও বীমা। ক্রিস্টিনা সতর্ক করে জানান, সাধারণ ট্রাভেল ইন্স্যুরেন্স কোনোভাবেই নিয়মিত স্বাস্থ্যসেবার বিকল্প নয়। এটি সাধারণত অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রযোজ্য হয়, দৈনন্দিন চিকিৎসা বা পূর্বনির্ধারিত রোগের জন্য নয়। তাই প্রবাসীদের স্থানীয় ক্লিনিক বা বিশেষায়িত এক্সপ্যাট স্বাস্থ্যসেবার বিকল্পগুলো আগে থেকেই খতিয়ে দেখা উচিত। এছাড়া ভিসা এবং করের বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে দ্বৈত করের ফাঁদে পড়তে না হয় এবং ভিসার কোনো শর্ত লঙ্ঘিত না হয়।

আর্থিক লেনদেন, বাসস্থান এবং অবসরের পরিকল্পনার ক্ষেত্রেও বাড়তি সতর্কতার প্রয়োজন। অনেক দেশে স্থায়ী বাসিন্দা না হলে ব্যাংক হিসাব খোলা বেশ কঠিন হতে পারে। অন্যদিকে, প্রবাসীদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিকরা অনেক সময় অগ্রিম হিসেবে পুরো এক বছরের ভাড়া দাবি করতে পারেন। কর্মস্থল থেকে বিশেষ সহায়তা না পেলে প্রবাসে সম্পত্তি কেনার মতো জটিল প্রক্রিয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেন ক্রিস্টিনা। সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির অভাবে অনেকেই বিদেশে গিয়ে হতাশ হয়ে পড়েন। তাই যথাযথ হোমওয়ার্ক ও প্রস্তুতি নিয়েই এই পথে পা বাড়ানো উচিত, নতুবা দিন শেষে দেশের মাটি ও প্রিয়জনদের শূন্যতা হতাশার কারণ হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার