Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি বিএনপি নেতার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম

তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি বিএনপি নেতার

বিজ্ঞাপন

তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীর বড় ভাই ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। তার প্রস্তাবিত এ বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া তিন জেলার প্রায় ৮৯ লাখ মানুষের প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় তার এমন দাবি যৌক্তিক বলে মনে করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

তার প্রস্তাব অনুযায়ী, নতুন বিভাগে কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্ভুক্ত থাকবে। বিভাগীয় সদর দপ্তর হবে ব্রাহ্মণবাড়িয়া। প্রস্তাবিত বিভাগে উপজেলা থাকবে ৩১টি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে কবীর আহমেদ তার পোস্টে জানান, কিশোরগঞ্জের জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১।

প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দর সমন্বিতভাবে কাজে লাগানো গেলে শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।

নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

প্রস্তাবনায় তিনি আরও বলেন, নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে তিন জেলার সমান মর্যাদা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো জেলা অবহেলিত না হয়।

একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত তুলে ধরেছেন জানিয়ে কবীর আহমেদ বলেন, এ দাবির সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে।

অন্যদিকে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন কবির আহমেদ ভূঁইয়া। তার প্রস্তাবিত ইউনিয়নগুলো মধ্যে রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রস্তাবটির বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিয়ে জানা যায়, কবির আহমেদ ভূঁইয়া ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ বিষয়ে আবেদন করেন। এর পরদিন ৯ সেপ্টেম্বর প্রতিবেদন চেয়ে চিঠি জারি করা হয়।

তবে নতুন উপজেলা গঠনের এ প্রস্তাবকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এসব কর্মসূচি থেকে কবির আহমেদ ভূঁইয়ার প্রস্তাবের সমালোচনা করেন আন্দোলনকারীরা।

একদিকে নতুন উপজেলা গঠনের প্রস্তাব, অন্যদিকে সেই প্রস্তাব নিয়ে স্থানীয়দের প্রতিবাদের মধ্যেই এবার তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি তুললেন বিএনপির এই নেতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার