বিজ্ঞাপন
তাহসিফের মৃত্যুর ঘটনায় পিবিআই হেফাজতে বন্ধু দীপ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ এএম
বিজ্ঞাপন
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে দেখা গেছে। পরিবারের সদস্যরা ফুটেজে থাকা ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল ঠিক করার পর একসঙ্গে খাবার খেয়ে দীপ চলে যান বলে দাবি করেন তিনি।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নদী পুলিশ। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি শনাক্ত করা হয়।
তাহসিফের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কা জানিয়েছিলেন। তবে এ ঘটনায় দীপের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।