বিজ্ঞাপন
‘আ. লীগের প্রভু দেশের সাথে জামায়াতের পরকীয়া এখন ওপেন সিক্রেট’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৪ এএম
বিজ্ঞাপন
শুধু আওয়ামী লীগের সাথে নয়, তাদের প্রভু খ্যাত দেশের সাথেও জামায়াতের পরকীয়া এখন 'ওপেন সিক্রেট' বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনী প্রচার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা যাবে না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাটে মাদ্রাসা মাঠে বাঘবেড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সভায় তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির’ ছিল বলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক অসততার বহিঃপ্রকাশ। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ও ঐতিহাসিক দায় আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত সেই নৃশংস সহিংসতার দায় কোনো রাজনৈতিক সমঝোতার কল্পকাহিনি দিয়ে আড়াল করা যায় না। সেই ঘটনাকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক অপবাদ দেওয়া শুধু দু:খজনক নয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাও বটে।
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দাঁড় করানোর অপচেষ্টা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের অতীত অপকর্মের দায় মুছে দেয়ার শামিল বলে মন্তব্য করে তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ সংগ্রামকে অস্বীকার করতে চায়, তারা ইতিহাসের সত্যকেই অস্বীকার করছে।
সভায় তিনি আরও হুঁশিয়ারি দেন, বিএনপির বিরুদ্ধে কল্পিত আঁতাতের গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকার চেষ্টা করবেন না। ইতিহাসকে বিকৃত করা যায়, কিন্তু ইতিহাসের সত্যকে মুছে ফেলা যায় না।
বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন নেতা মোঃ: শাজাহান, আবদুস শহীদ আকন্দ, মাহবুবুল আলম মাসুম, আমিনুল ইসলাম,ইদ্রিস আলী,আলাল উদ্দিনসহ ইউনিয়ন , ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।