Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শুক্রবার শাহবাগে এনসিপির বিক্ষোভ-কর্মসূচি ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম

শুক্রবার শাহবাগে এনসিপির বিক্ষোভ-কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

দেশে চুরি-ছিনতাই বৃদ্ধি, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দফায় দফায় মূল্যবৃদ্ধি এবং প্রশাসনের নজিরবিহীন দলীয়করণের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) বেলা তিনটায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এনসিপির পক্ষ থেকে এক গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে উক্ত গণবিক্ষোভ সমাবেশের মূল স্টেজ, আসনব্যবস্থা এবং নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পালন বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

পরিদর্শনকালে আখতার হোসেন বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশব্যাপী চলমান অস্থিতিশীলতার মধ্যেই তুরাগ নদী থেকে শেখ হাসিনার পলায়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করে সংবিধান নিয়ে ব্যস্ত আছেন। তিনি যদি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তবে জনগণকে এভাবে নিরাপত্তাহীনতায় দিন পার করতে হতো না।’

জ্বালানি খাতের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘যে গ্যাসের সিলিন্ডার ভারতে বারোশো টাকায় পাওয়া যায়, তা বাংলাদেশে আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত। এর জন্য দায়ীদের পদত্যাগের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। এছাড়া ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে আগে থেকে ব্যালটে সিল মারার ঘটনাও ঘটেছে।’ প্রশাসনে ক্যাডারদের বসিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তিনি।

সবশেষে আগামীকাল শাহবাগে দেশবাসীকে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেদিন তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকটে সরকারের চরম নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের তিন দফা দাবি পেশ করেন।

সরকারকে জবাবদিহির আওতায় আনতে এবং জনগণের অধিকার আদায়ে রাজপথে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার