Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আ. লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

আ. লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত হামলার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের রাজনৈতিক মিত্র ১৪ দলীয় জোটকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার নেতার রায়ে এ পর্যবেক্ষণ দেয় ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করে। রায়ে হানিফকে মৃত্যুদণ্ড এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। চার আসামিই পলাতক।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নিপীড়নের অভিন্ন নীতি বাস্তবায়নে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটের সম্মিলিত কর্মকাণ্ড ওই ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ ছিল।

ট্রাইব্যুনাল বলেছে, আসামিরা সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে ওই নীতি বাস্তবায়নে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্র, উসকানি ও অপরাধ সংঘটনে সহযোগিতাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে।

রায়ে আসামিদের স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, মামলার পঞ্চম অভিযোগে ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ বা অভিন্ন অপরাধমূলক উদ্দেশ্য এবং অপরাধমূলক সংগঠনের বিষয়টি তুলে ধরা হয়েছিল। ট্রাইব্যুনালে এ অভিযোগ প্রমাণিত হয়েছে এবং চার আসামিকেই এ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার