বিজ্ঞাপন
যে সামগ্রীর সূত্র ধরে শনাক্ত হলো তাহসিফের মরদেহ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম
বিজ্ঞাপন
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয় সঙ্গে থাকা একটি আইফোনের সূত্র ধরে। মরদেহ উদ্ধারের সময় তার হাতে ছিল একটি ঘড়ি। পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারের সময় মরদেহটি অজ্ঞাতপরিচয় হিসেবে নথিভুক্ত করা হয়। পরে পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
নৌ পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তার বাবার নাম কে এম এনায়েতুর হেলাল। গত মঙ্গলবার সন্ধ্যায় বাসার নিচে দীপের সঙ্গে কথা বলে আসার কথা জানিয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরাও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না।