বিজ্ঞাপন
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম
বিজ্ঞাপন
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাঁদের ওএসডি করা হয়।
ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন- জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।
তিন কর্মকর্তা ২৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, তাঁরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও কেউই ওই কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে ওই তিন উপসচিবসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের।
চলতি বছরের জানুয়ারিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ২৯তম বিসিএসের ফল প্রকাশের প্রায় ছয় মাস পর ছয় প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় নিয়োগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রশাসন, পুলিশ, পরিবার পরিকল্পনা ও সাধারণ শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে এসব নিয়োগ দেওয়া হয়েছিল।