বিজ্ঞাপন
সংবিধান সংশোধন কমিটির সভা বয়কটের ঘোষণা আসিফ মাহমুদের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ এএম
বিজ্ঞাপন
সংবিধান সংশোধন কমিটির নামে গণভোটে জনগণের ম্যান্ডেটের সঙ্গে প্রতারণা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে কমিটির মতবিনিময় সভা বয়কট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
আসিফ মাহমুদ লেখেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে গণভোটে জনগণের ম্যান্ডেটের সঙ্গে যে প্রতারণা চলছে, তার অংশ হওয়ার প্রশ্নই ওঠে না।’
তিনি আরও লেখেন, ‘আমি আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে এই মতবিনিময় সভা বয়কট করলাম।’
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিট থেকে পাঠানো চিঠিতে দেখা যায়, সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চিঠিতে সভায় উপস্থিত থেকে কমিটির সঙ্গে মতবিনিময়ের জন্য আসিফ মাহমুদকে অনুরোধ জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।