Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শাকিলের খুনিদের গ্রেপ্তার না করলে নাটোর অচলের হুঁশিয়ারি ছাত্রদলের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ এএম

শাকিলের খুনিদের গ্রেপ্তার না করলে নাটোর অচলের হুঁশিয়ারি ছাত্রদলের

বিজ্ঞাপন

নাটোরে ছাত্রদল নেতা শাকিলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

কামরুল ইসলাম বলেন, ১৪ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলকে দুর্বৃত্তরা আহত ও জখম করে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ঢাকায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। আমাদের এই ছাত্রনেতা শাকিল একদিনে গড়ে ওঠেননি, তাকে গড়ে তুলতে ১৫ বছর সময় লেগেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে শাকিলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শাকিলের হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যত শক্তিশালী এবং ওপরমহলের লোকই জড়িত থাকুক না কেন, আমরা খুঁজে বের করে এই নাটোরের মাটিতেই তার সাজা নিশ্চিত করব।

পুলিশ প্রশাসনের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, আমরা বিগত দিনে দেখেছি, যেকোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ প্রশাসন খুব কম সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করতে পারে। কিন্তু আমাদের নাটোরের এসপি ও গুরুদাসপুরের ওসির তেমন কোনো তৎপরতা দেখিনি। তাই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা চোখের ঘোলা সরিয়ে, কান পরিষ্কার করে শুনে রাখুন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শাকিলের হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আমরা নাটোরে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং নাটোর শহরকে অচল করে দেব।

বিক্ষোভ মিছিলে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ চমক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা প্রামানিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার