Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর সম্পর্কে যা জানালেন উপাচার্য

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর সম্পর্কে যা জানালেন উপাচার্য

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সান্ধ্য আইন’ জারির খবরকে গুজব বলে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ‘সান্ধ্য আইন’ জারি হয়েছে বা হতে যাচ্ছে, এমন প্রচার তার নজরে এসেছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। এমন কোনো সিদ্ধান্ত বা চিন্তাও অনুমোদন করা হয়নি।

এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্যের সত্যতা ও ভিত্তি যাচাই করার ওপর গুরুত্ব দেন উপাচার্য।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোনো বিষয়ে সংশয়, আশঙ্কা বা প্রশ্ন তৈরি হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ না করে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি কিংবা হলের প্রভোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো উচিত। প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের চেষ্টা করবে।’

অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার