Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব, আশঙ্কারও বেশি গতিতে ধেয়ে আসছে উপকূলে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ এএম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব, আশঙ্কারও বেশি গতিতে ধেয়ে আসছে উপকূলে

বিজ্ঞাপন

আশঙ্কার চেয়ে দ্রুত এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। বুধবার (২৮ অক্টোবর) ভোরে উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি। এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে।

এনডিটিভির খবরে বলা হয়, ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগের ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে।

আবহাওয়া বিভাগ জানায়, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি প্রায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে। এ সময় এর অবস্থান হবে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায়, ইয়ানামের দক্ষিণের কাছাকাছি।

ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ২৮ অক্টোবর বুধবার ভোরে উপকূল অতিক্রমের সময় এমন পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগের সংস্পর্শে আসতে শুরু করেছে এবং এর বাইরের সর্পিল মেঘবলয়ের অংশ স্থলভাগে প্রবেশ করেছে।

ঘূর্ণিঝড়টির উপকূলে আঘাত হানার সময় এগিয়ে আসার কারণও ব্যাখ্যা করেছে আবহাওয়া বিভাগ। সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড়টির গতিবেগ আশঙ্কার চেয়ে বেশি হওয়ায় বুধবার ভোর ২টা থেকে ৪টার মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার