Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সাঈদীর মামলার সাক্ষীর দাফনে বাধা, বিস্ফোরক মন্তব্য সোহেল রানার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ এএম

সাঈদীর মামলার সাক্ষীর দাফনে বাধা, বিস্ফোরক মন্তব্য সোহেল রানার

বিজ্ঞাপন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা।

মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর নানা টানাপোড়েন শেষে শনিবার গভীর রাতে পিরোজপুরে পরিবারের নারী সদস্যদের খোঁড়া কবরে দাফন করা হয় মানিক পশারীকে। এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেতা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে সোহেল রানা লেখেন, ‘একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তাকে কবর দেওয়ায় বাধা সৃষ্টি করল স্বাধীনতাবিরোধী শক্তি এবং হারিকেন জ্বালিয়ে তার আলোতে আলোকিত করে তার কন্যা সন্তান নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করল।’

তিনি আরও লেখেন, ‘আগের কবরটি স্বাধীনতার পরাজিত শত্রুরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি নাকি বর্তমানে সরকার পরিচালনা করছে। কোন আলামত তো দেখা গেল না।’

এ ঘটনায় সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন সোহেল রানা। তিনি লেখেন, ‘সরকারের কাছে এর সঠিক জবাব চাই।’

মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার কথাও তুলে ধরেছেন এই বীর মুক্তিযোদ্ধা। তার ভাষ্য,

‘মুক্তিযোদ্ধারা তো জীবনের শেষ প্রান্তে কিন্তু আমরা বোধহয় মুক্তিযুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে ব্যর্থ হয়েছি, নইলে প্রতিবাদ বা প্রতিরোধ কোনটাই তো দৃষ্টিগোচর হচ্ছে না।’ মানিক পশারীর দাফন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি তাকে মানসিকভাবে ব্যথিত করেছে উল্লেখ করে সোহেল রানা লেখেন, ‘না ফেরার দেশে চলে যাবার আগে এই ধরনের সংবাদ আমার মত অন্যান্য মুক্তিযোদ্ধাদের রক্তক্ষরণ করে।’

পোস্টের শেষাংশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি সবাই জেগে ওঠো। এবার আর ক্ষমা নয়।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার