বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টঙ্গীতে নিজের কন্যাসন্তানকে ঘিরে মাদরাসাকাণ্ডের পর শাহজালাল রুমি এবার দেশ ছেড়েছেন বলে জানিয়েছে তার পরিবার। সোমবার (২৬ আক্টোবর) রাতে তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশে আর নেই। এগুলো নিয়ে রুমি আর ভাবছেন না। তবে তিনি এখন কোন দেশে আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুমি বলেছিলেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’
প্রসঙ্গত, এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি।
পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর পিতাকে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের আসামি করা হয়।
এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। আর আজ দেশ ছাড়ার তথ্য জানালেন।