Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আইজিপির সেই বক্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার সময় বেঁধে দিল ক্র্যাব

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম

আইজিপির সেই বক্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার সময় বেঁধে দিল ক্র্যাব

বিজ্ঞাপন

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে করা মন্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় অন্যান্য সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর।’ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার এ বক্তব্য প্রকাশিত হয়।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে আইজিপির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, পুলিশের সর্বোচ্চ পদে থাকা একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। মাদক নির্মূলে পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি পুলিশের কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্র্যাব নেতারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সামগ্রিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণ নয়।

তারা আরও বলেন, পুলিশের কার্যক্রমসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে উপস্থাপন করা সাংবাদিকদের দায়িত্ব। পুলিশের কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রতিবেদন বা সমালোচনাকে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ না পাওয়ার প্রতিক্রিয়া হিসেবে চিত্রিত করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্য জনমনে সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।

ক্র্যাব নেতারা আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে এ বিষয়ে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সাংবাদিকদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত অধিকার রক্ষায় দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার