Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আইজিপির বক্তব্য ঘিরে বিতর্ক, বিভ্রান্তি ছড়ানোদের শয়তান বললেন নুর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

আইজিপির বক্তব্য ঘিরে বিতর্ক, বিভ্রান্তি ছড়ানোদের শয়তান বললেন নুর

বিজ্ঞাপন

যারা অসাবধানতাবশত বলা শব্দ বা বাক্য নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তাদের শয়তান বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। তিনি বলেন, ‘শয়তান ও তার জ্ঞাতিগোষ্ঠী বিভ্রান্তি ছড়াবেই। কথা বললে ভুল হতেই পারে! আর মানুষই ভুল করে, ফেরেশতারা নয়।’

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ পুলিশের একটি পোস্ট শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সোমবার রাতে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দেয় পুলিশ হেডকোয়ার্টার্স।

পাঠকদের সুবিধার্থে বাংলাদেশ পুলিশের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ-

বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দেশের প্রচলিত আইন, বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।

আইজিপি তাঁর বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে উল্লেখ করেছেন।

তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে ‘ক্রসফায়ার’ শব্দটি উল্লেখ করেননি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে, তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি। এটি অসাবধানতাবশত হয়েছে।

বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার