বিজ্ঞাপন
নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
বিজ্ঞাপন
মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ করে ফেসবুকের ভুয়া আইডি থেকে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার ফাহিম মোল্লা (২১), রবিন মোল্লা (২২) ও জিসান দেওয়ান (২০)।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী কাপড় পরিবর্তনের সময় অজ্ঞাত ব্যক্তিরা কৌশলে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। পরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই নারীর সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করা হয়। এ সময় ধারণ করা ভিডিও পাঠিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।
ঘটনাটি জানার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে নামে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই ইয়াকুব হোসেন, এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তাঁদের কাছ থেকে ভুক্তভোগী নারীর ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।