Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হত্যা মামলায় পলক-শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

হত্যা মামলায় পলক-শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আসামিদের অব্যাহতির আবেদন নাকচ হওয়ায় মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো। আগামী ২৫ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ওই দিন গাবতলী এলাকায় ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। প্রাথমিকভাবে ১৬ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যরা।

মামলার তথ্য অনুযায়ী, ৩৪ আসামির মধ্যে ২৫ জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনাসহ কয়েকজন সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন এবং ১০ জন জামিনে আছেন।

এর আগে গত ৮ অক্টোবর অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও কারাগারে থাকা দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। অন্য আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের শুনানি থাকায় ওই দিন কারা কর্তৃপক্ষ তাদের হাজির করতে পারেনি। পরে আদালত ২৬ অক্টোবর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে এগোচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার