বিজ্ঞাপন
‘কিচ্ছু করতে পারবি না’, মুনমুনকে কেন বলেছিলেন কাঞ্চন?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
বিজ্ঞাপন
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন। ক্যারিয়ারের শুরুর দিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে পাওয়া একটি পরামর্শ এখনো মনে রেখেছেন তিনি। একের পর এক সিনেমা সফল হওয়ার সময়ই মুনমুনকে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সতর্ক করেছিলেন কাঞ্চন। তখন কথাগুলোর গুরুত্ব বুঝতে না পারলেও সময়ের সঙ্গে সেই পরামর্শের তাৎপর্য উপলব্ধি করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সেই পুরোনো স্মৃতির কথা তুলে ধরেছেন মুনমুন।
মুনমুন জানান, একদিন শুটিংয়ের ফাঁকে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল তার। সেই সময় মুনমুনের সঙ্গে কাঞ্চনের একের পর এক সিনেমা হিট হওয়ার প্রসঙ্গ ওঠে। তখনই নিজের দীর্ঘদিনের চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতা থেকে মুনমুনকে ক্যারিয়ার নিয়ে পরামর্শ দেন এই অভিনেতা।
কাঞ্চন বলেছিলেন, ‘তোমার সঙ্গে আমার একের পর এক ছবি সুপারহিট যাচ্ছে। তার মানে তোমার ভিতটা শক্ত হয়েছে। হিট হওয়ার পর বেছে বেছে ছবি ধরবে, এটা ভীষণ ইম্পরট্যান্ট!’
শুধু সাফল্যের সময় কীভাবে কাজ বেছে নিতে হবে, তা-ই নয়, ব্যর্থতার মুখে পড়লে একজন শিল্পীকে কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সেটিও বুঝিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। মুনমুনের ভাষ্য অনুযায়ী, কোনো শিল্পী ফ্লপ হয়ে গেলে তার জীবন কঠিন হয়ে উঠতে পারে।
হাতে কাজ না থাকা এবং দীর্ঘদিন বেকার বসে থাকার কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা দেখেছেন বলেই মুনমুনকে বিষয়টি বুঝিয়েছিলেন তিনি।
তবে সে সময় বয়স কম থাকায় কাঞ্চনের কথাগুলোকে খুব একটা গুরুত্ব দেননি মুনমুন। বরং নিজের অন্য প্রতিভার কথা জানিয়ে হাসতে হাসতে বলেছিলেন, ‘ভাইয়া, আমি চলচ্চিত্র ছেড়ে চলে যাব, যদি কখনো দেখি যে আমি ফ্লপ হয়ে গিয়েছি। আমি অনেক কাজ পারি। ছবি আঁকতে পারি, ভাস্কর্য পারি। আমি সে কাজগুলো করব।’
মুনমুনের এমন আত্মবিশ্বাসী কথা শুনে হেসে উঠেছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর তাকে বলেছিলেন, ‘কি করবি চলচ্চিত্র ছেড়ে? কিচ্ছু করতে পারবি না। সেলুলয়েডের ফিতায় এত নেশা, এই অভিনয় ছাড়া আর কোনো কাজ জীবনে করা সম্ভব হয় না!’
কাঞ্চন আরও বলেছিলেন, চলচ্চিত্রে সাফল্য না পেয়ে অনেকেই একসময় এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের অনেকেই আবার অভিনয়ে ফিরে আসেন। অন্যথায় তাদের বেকার সময় কাটাতে হয়।
ইলিয়াস কাঞ্চনের সেই কথাগুলোর প্রকৃত অর্থ যে তখন বুঝতে পারেননি, তা স্ট্যাটাসে স্বীকার করেছেন মুনমুন। তিনি লেখেন, ‘আসলে সেদিন কাঞ্চন ভাইয়ের কথাটা আমি অত গভীরভাবে বুঝতে পারিনি। কিন্তু আজ বুঝি! কাঞ্চন ভাই যা বলেছেন, সত্যিই বলেছিলেন তার দীর্ঘদিনের চলচ্চিত্র ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকেই বলেছিলেন।’
স্ট্যাটাসের শেষাংশে প্রিয় এই অভিনেতার সুস্থতা ও ভালো থাকা কামনা করেছেন মুনমুন। তিনি লেখেন, ‘সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় কাঞ্চন ভাই।’
দীর্ঘদিনের চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতা থেকে ইলিয়াস কাঞ্চন যে পরামর্শ দিয়েছিলেন, সময়ের সঙ্গে তার গুরুত্ব বুঝতে পেরেছেন মুনমুন। তার এই স্মৃতিচারণে উঠে এসেছে চলচ্চিত্রে সাফল্য ও ব্যর্থতার বাস্তবতা এবং অভিনয়ের প্রতি শিল্পীদের গভীর টানের কথা।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে তিনি ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন।