বিজ্ঞাপন
২২ কোটি টাকা ‘ঋণ মওকুফের’ ব্যাখ্যা মির্জা ফখরুলের ছোট ভাইয়ের
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ এএম
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন তার বিরুদ্ধে ওঠা ২২ কোটি টাকা ঋণ মওকুফের অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন, কোনো ব্যাংক মূল ঋণ মওকুফ করে না; বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী শুধু সুদ মওকুফের সুযোগ থাকে। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাখ্যা দেন। এর আগে জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতার বিরুদ্ধে ২২ কোটি টাকা ঋণ মওকুফের অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফয়সাল বলেন, ‘জামায়াতের প্রার্থী ও তার সহযোগীরা কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছেন। বলা হচ্ছে, আমি ২২ কোটি টাকার ঋণ মওকুফ করিয়ে নিয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা। ঋণ কখনো মওকুফ হয় না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় যা মওকুফ হয়, তা হলো সুদ।’
তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের পিআরপিডি সার্কুলার অনুযায়ী ক্ষতিগ্রস্ত ও পুনর্গঠনের প্রয়োজনীয়তায় থাকা প্রতিষ্ঠানগুলো নীতি সহায়তা পেতে পারে। তার মালিকানাধীন নিশ্চিন্তপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওই নীতিমালার আওতায় যোগ্য বিবেচিত হয় এবং জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান অনুসরণ করেই সুদ মওকুফ ও ‘এক্সিট সুবিধা’ গ্রহণ করে। তিনি বলেন, এটি কোনো বিশেষ সুবিধা নয়। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় দেশের আরও বহু প্রতিষ্ঠান একই ধরনের সহায়তা পেয়েছে।
জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রসঙ্গ টেনে মির্জা ফয়সাল বলেন, ‘তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক রয়েছে। শুধু রাজনৈতিক কারণে তিনি এ ধরনের বক্তব্য দেবেন, তা আমার কাছে অবিশ্বাস্য ও দুঃখজনক। আমি এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।