বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টঙ্গীতে মাদরাসায় শিশুকে চুমু খেতে চাওয়ার অভিযোগে শিক্ষককে চড় মারা শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি শাহজালাল রুমির পাশে দাঁড়ানোর কথা বলেন।
সোহেল তাজ লিখেছেন, ‘আমি শাহজালাল রুমির পাশে আছি! একজন বাবা হিসেবে, নিজের মেয়ের ব্যাপারে তার অনুভূতি এবং আবেগ আমি বুঝতে পারি। অপরাধী যে-ই হোক না কেন, নাবালকদের ওপর যে কোনো ধরনের নির্যাতন বা শ্লীলতাহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময় শিক্ষক চুমু দিতে চেয়েছিলেন বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিশুর বাবা শাহজালাল রুমি তাকে চড় মারেন।
পরে উপস্থিত জনতা ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ দায়ের করেছে।