বিজ্ঞাপন
বিএনপির সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম
বিজ্ঞাপন
বিএনপির সাংগঠনিক সংস্কারের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে লেখা একটি চিঠি পাওয়া গেল সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের সাতটি দানবাক্স খোলার পর দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি কয়েকটি চিঠি পাওয়া যায়। এদিন পঞ্চমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে।
দানবাক্সে পাওয়া একটি চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাসহ নির্দিষ্ট সাংগঠনিক নিয়ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
চিঠির লেখক বিএনপির সদস্য হতে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকার শর্ত চালুর অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
চিঠিতে প্রেরকের নাম উল্লেখ নেই। তবে লেখক জানিয়েছেন, ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরে সরে দাঁড়ান। চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’। এর মাধ্যমে তারেক রহমানের হাত ধরে পরিবর্তন আসার প্রত্যাশা জানিয়েছেন তিনি।রাজনীতি সংবাদ বুলেটিন
হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফের সরেকওম মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, দানবাক্সে পাওয়া এসব চিঠিতে মানুষের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা, কর্মসংস্থানের প্রত্যাশা, পারিবারিক সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনেকে নিজেদের চাওয়া-পাওয়া পূরণের আশায় এসব চিঠি লিখে দানবাক্সে রেখে যান। এটি তাদের ব্যক্তিগত বিশ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ।