বিজ্ঞাপন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক প্রবাসী যুবক। দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী যুবকের নাম মো. আনোয়ার হোসেন (৩৭)। তিনি ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে যান আনোয়ার। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি সাগরদিঘীতে তার পরিবারকে জানান। মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছানোর পরপরই শুরু হয় পরিবারের সদস্যদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।
নিহতের বড় ভাই মো. সানোয়ার হোসেন জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার মেজো। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান প্রবাসে। আনোয়ার অত্যন্ত মিশুক ও শান্ত স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এভাবে অকালে তার প্রাণ চলে যাবে, তা কেউ মেনে নিতে পারছেন না।
বর্তমানে আনোয়ার লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।