বিজ্ঞাপন
সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম
বিজ্ঞাপন
রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে সোমবার গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। অভিযানে ৮৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৯ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন।
অভিযানের সময় বাড়িটি থেকে মদ, গাঁজা, কনডম এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি জানিয়েছে, রাতভর ডিজে পার্টি, মাদক সেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এর ওই বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল জহিরের বাড়িটি তিনতলা। সাড়ে ছয় কাঠা জমির একটি অংশে নির্মিত বাড়িটি অনলাইনে ‘এয়ারবিএনবি’ অ্যাপসের মাধ্যমে ভাড়া দেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ভাড়া নিয়ে কেউ রাতযাপন করতেন আবার কেউ ডিজে পার্টি করতেন। বাড়িটি দেখভালের জন্য মাহবুব আলম নামের একজন কো-হোস্টও নিয়োগ দেন আব্দুল্লাহ আল জহির। ওই বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন পার্টির নামে মাঝে মধ্যেই চলত মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড। অনলাইনে এয়ারবিএনবি অ্যাপসের মাধ্যমে ভাড়া দেওয়া বাড়ি থেকে আয়ের ৭০ ভাগ যেত আব্দুল্লাহ আল জহিরের অ্যাকাউন্টে।
ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার রাতের জন্মদিনের পার্টিটি ভুয়া ছিল। তারা মূলত ডিজে পার্টির জন্য এটি ভাড়া নেয়। এখানে মূল ভূমিকায় ছিলেন সাদমান রাফিত, পৌরম গুহ ও নাইমুর রহমান রাহি। বাড়িটির কো-হোস্ট মাহবুবও সবকিছু জানতেন।
জানা গেছে, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।