বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জহির ফকির (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টায় উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জহির রহমান আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, জহির রহমানের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।
ওসি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে। এখনও পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি বলে যোগ করেন ওসি আব্দুল বারিক।