বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় ৬০ যানবাহনে ডাকাতি, গ্রেপ্তার নেই: সারজিস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ এএম
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় দিনে-দুপুরে ৬০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম লজ্জিত হয়েছেন কি না, তা জানতে চান তিনি।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় দিনে-দুপুরে ৬০টি যানবাহনে ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী কি ন্যূনতম লজ্জিত হয়েছেন?’
উল্লেখ্য, এর আগে সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় মুখোশধারী ডাকাতেরা ৫০-৬০ যানবাহনের গতিরোধ করে লুটপাত করে।
ভুক্তভোগীদের ভাষ্য, ডাকাত দলের সদস্যসংখ্যা ছিল ১০ থেকে ১৫ জন। তাদের সবার মুখে মুখোশ ছিল এবং হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন থামানোর পর যাত্রীদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালপত্র ছিনিয়ে নেন তারা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন কথা বলেছেন সারজিস আলম।